রংপুরের সাবেক এমপি ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরী গ্রেফতার

রংপুরের সাবেক এমপি ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাস দমন এবং নাশকতার আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা তিনটায় বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রংপুর রেল ডিআইজি মো: আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহাসড়ক দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জগামী এসআর হট এন্ড কুল প্লাস পরিবহনে (ঢাকা মেট্রো বা ১২-০৩২৬) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রেঞ্জ ডিআইজি আরও জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা হত্যা চেষ্টার একাধিক মামলা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি রংপুর-আসনের সাবেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পলাতক আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই। বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়াও বৈষম্য  বিরোধী আন্দোলনের সময় বদরগঞ্জসহ রংপুর অঞ্চলের অর্থ যোগানদাতা সিন্ডিকেটের অন্যতম সদস্যও ছিলেন লিংকন চৌধুরী।

 

ডিআইজি  আরও জানান, বগুড়া থেকে তাকে রংপুরে আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে।

এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বদরগঞ্জের মানুষ। বদরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, চৌধুরী পরিবার বিগত ১৭ বছরে বদরগঞ্জ তারাগঞ্জের মানুষকে শোষণ জুলুম নির্যাতন-নিপীড়ন করে নিঃস্ব করে দিয়েছে। সে ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষমতার অপব্যবহার করেছে সাবেক এমপি পলাতক ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরী। তাকে গ্রেফতারে বদরগঞ্জের মানুষ খুশি। তিনি লিংকন চৌধুরীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বদরগঞ্জ তারাগঞ্জের জুলুম নির্যাতন অর্থ আত্মসাৎ লোপাটের বহু তথ্য বেরিয়ে আসবে বলে জানান।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com