স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর মহানগরীর আলমনগর এলাকার শান্তিবাগে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ মোছা. নার্গিস বেগম (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় কোতোয়ালী থানাধীন মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ, আলমনগর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নার্গিস বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নার্গিস বেগম ওই এলাকার বাসিন্দা মো. নুরুল হকের স্ত্রী। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম