সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: প্রিসাইডিং অফিসারের পরিচয়পত্রে ছবি নেই, ভোটের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থীর উদ্বেগ লগি-বৈঠা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: প্রিসাইডিং অফিসারের পরিচয়পত্রে ছবি নেই, ভোটের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থীর উদ্বেগ

ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: প্রিসাইডিং অফিসারের পরিচয়পত্রে ছবি নেই, ভোটের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থীর উদ্বেগ

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১১ শতাংশ, বৈরী আবহাওয়ায় উপস্থিতি কম: রিটার্নিং কর্মকর্তা

হারুন-অর-রশিদ বাবু|| ঠাকুরগাঁও||বাতায়ন২৪ডটকম
ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন ১১ দলীয় ঐক্যজোটের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলাওয়ার হোসেন। একই সঙ্গে রাজাগাঁও ইউনিয়নে বিএনপির এক কর্মীকে ঘিরে পরিকল্পিতভাবে ঘটনা সাজানোর অভিযোগ তুলে এর তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আসনটিতে প্রায় ১১ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন দেলাওয়ার হোসেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেলাওয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকায় তাঁর পরিচয় নিশ্চিত করা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রেও ছবি নেই বলে তিনি শুনেছেন। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত তদন্তের জন্য রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত মন্তব্য না করে জামায়াতের এই প্রার্থী বলেন, ভোটগ্রহণ কেবল শুরু হয়েছে। তাই সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন। তাঁর মতে, সরকার, প্রশাসন ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা আন্তরিক হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

ভোটের আগের দিন রাজাগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ডে বিএনপির এক কর্মীকে ঘিরে পরিকল্পিতভাবে ঘটনা সাজানোর অভিযোগও করেন দেলাওয়ার হোসেন। তাঁর দাবি, ওই কর্মীকে দিয়ে ভিডিও তৈরি করে পরে তাঁকে আটক করার দৃশ্য ধারণ করা হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

##পরিচয়পত্রে ছবি না থাকার ব্যাখ্যা রিটার্নিং কর্মকর্তার:

জামায়াত প্রার্থীর অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, মুদ্রণসংক্রান্ত সমস্যার কারণে অনেকের পরিচয়পত্রে ছবি যুক্ত করা সম্ভব হয়নি। তবে প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর থাকায় বিষয়টিকে তিনি বড় সমস্যা হিসেবে দেখছেন না।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১১ শতাংশ ভোট পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলে মনে করছেন তিনি।

নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ, আনসার, এসআরবি ও বিজিবি মোতায়েন রয়েছে।

##যেভাবে শূন্য হলো ঠাকুরগাঁও-১ আসন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুজনের ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।

পরবর্তী সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সেই শূন্য আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

##৫ লাখের বেশি ভোটার, প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থী:

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯, পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ঠাকুরগাঁও সদরে ১১৩টি, রুহিয়া এলাকায় ৩৩টি এবং ভূল্লী এলাকায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—বিএনপির মির্জা ফয়সাল আমীন (ধানের শীষ), ১১ দলীয় ঐক্যজোটের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মো. ওমর ফারুক (ডাব)।

 

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার, এসআরবি ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com