স্টাফ করেসপন্ডেন্ট||ঠাকুরগাঁও||বাতায়ন২৪ডটকম||
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিনজনকে ভুয়া ভোটার হিসেবে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রে তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। তাদের বিষয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম