সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি ঠাকুরগাঁও-১শুন্য আসনে নির্বাচন: কেন্দ্রে লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক রংপুরে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৩ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি ঠাকুরগাঁও-১ শুন্য আসনের নির্বাচন: প্রিসাইডিং অফিসারের পরিচয়পত্রে ছবি নেই, ভোটের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থীর উদ্বেগ লগি-বৈঠা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

ঠাকুরগাঁও-১ শুন্য আসনে নির্বাচন: ছাত্রদলের তিন ভুয়া ভোটার আটক, ছবি তোলা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট||ঠাকুরগাঁও||বাতায়ন২৪ডটকম||

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটার আটকের ঘটনা ঘটেছে। একই দিনে ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রের সামনে ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের সামনে বেলা ১১টার কিছু আগে জামায়াতের নারী কর্মীদের ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মী-সমর্থকেরা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশ, বিজিবি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বলেন, “ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে।”

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে হিমেল, সিয়াম ও মিনহাজ নামের তিনজনকে আটক করেন কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. আবু সায়েম। তাঁদের ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি কার্যালয় ও দলটির বিভিন্ন নেতার সঙ্গে তাঁদের ছবি ছড়িয়ে পড়ে। তবে তাঁদের দলীয় পরিচয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রিসাইডিং কর্মকর্তা মো. আবু সায়েম বলেন, “আটকের পর তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।”

এদিকে, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে আসনটির বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলে। তবে ভোটের পরিবেশ ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে।

সকালে হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি সংযুক্ত না থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, কিছু কেন্দ্রে আগেই ব্যালটে সিল মেরে রাখা হয়েছে। এসব ঘটনায় সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জামায়াত প্রার্থীর অভিযোগকে অমূলক দাবি করে তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই এসব অভিযোগ করা হচ্ছে।

জামায়াত প্রার্থীর অভিযোগ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্রে তাঁর স্বাক্ষর রয়েছে। কারও কারও পরিচয়পত্রে নির্ধারিত আকারের ছবি সংযুক্ত না থাকলেও সেটিকে বড় সমস্যা হিসেবে দেখছেন না তিনি। তাঁর ভাষ্য, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা ১১টার পর তা বেড়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। আসনটির ১৮৫টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের নির্ধারিত সময় ছিল। ভোটের আগে থেকেই প্রচারণায় বাধা, নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছিল।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com