স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোবাইল চোরাচালান চক্রের মূল হোতা রশিদুল ইসলাম রতনকে (২৮) গ্রেপ্তার করেছে রংপুর রেঞ্জ পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি)। এ সময় তাঁর হেফাজত থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ১৭টি চোরাচালানকৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৩ মিনিটে ভূরুঙ্গামারী থানার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় ছদ্মবেশে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রশিদুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রশিদুল ইসলাম রতন ভূরুঙ্গামারী উপজেলার মধ্য ভরতের ছড়া গ্রামের মো. তফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায় রতন বঙ্গসোনাহাট এলাকায় একটি দোকানের আড়ালে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভারতীয় মোবাইল ফোন ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই চক্রের মাধ্যমে চোরাচালানের মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো বলেও তথ্য পেয়েছে পুলিশ।
গ্রেপ্তার রতনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। চোরাচালান প্রতিরোধ, সংঘবদ্ধ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম