স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম|
লালমনিরহাটের মোস্তফী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩, রংপুরের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মোস্তফী বাজার এলাকায় পরিচালিত অভিযানে খাদ্যপণ্য উৎপাদন, পণ্য বিক্রিতে অনিয়ম এবং মোড়ক ব্যবহারের বিধি না মানার বিষয়গুলোতে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ভাই-ভাই বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে সোহেল ফার্টিলাইজারকে ৫ হাজার টাকা এবং পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করায় জনতা বীজ ফাউন্ডেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী এসআরবি-১৩, রংপুরের সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এস আরবি -১৩ রংপুরের এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বাংলা পোস্টকে বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে পণ্য মজুত, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং খাদ্যপণ্যে ভেজালসহ ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম