হারুন-অর-রশিদ বাবু |রংপুর|বাতায়ন২৪ডটকম
বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি, অতিরিক্ত ও হয়রানিমূলক বিল এবং প্রি-পেইড মিটারের নানা অভিযোগের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রংপুরে মশাল মিছিল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি, রংপুর জেলা শাখা।
২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু করে, জীবন বীমার মোড়, শাহী মসজিদের সামন দিয়ে জাহাজ কোম্পানি মোর হয়ে পায়রা চত্ত্বরে ঘুরে স্টেশন রোড হয়ে প্রেসক্লাবে এসে সমাবেশে সমবেত হন। সমাবেশে সংগঠনটির পূর্বের নেয় গ্রাহক স্বার্থসংশ্লিষ্ট পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে গ্রাহক শোষণ ও হয়রানির গণবিরোধী প্রি-পেইড মিটার বাতিল করে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ খাতে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান করা, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করা।
সংগঠনটির নেতারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিলের অসঙ্গতি, অতিরিক্ত বিল, প্রি-পেইড মিটারের বিভিন্ন চার্জ ও কারিগরি জটিলতা এবং গ্রাহক হয়রানির অভিযোগ তুলে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রংপুরেও প্রি-পেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ প্রত্যাহার, অতিরিক্ত বিল ও গ্রাহক হয়রানি বন্ধ এবং বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন হয়েছে। গত ২০ আগস্ট বিদ্যুৎ গ্রাহক ফোরামের উদ্যোগে রংপুর নগরীতে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালিত হয় এবং সড়কে অবস্থান নেওয়া হয়।
এদিকে গত ৬ সেপ্টেম্বর দেশব্যাপী গ্রাহকদের অধিকার আদায়ের লক্ষ্যে ৩১ সদস্যের বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলকে এবং সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট পলাশ কান্তি নাগকে। কমিটির ঘোষিত দাবির মধ্যেও প্রি-পেইড মিটার বাতিল, বিদ্যুতের মূল্য কমানো, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের বিষয় রয়েছে।
এর আগে ৯ সেপ্টেম্বর জাতীয় কমিটির উদ্যোগে বিদ্যুৎ ভবনে স্মারকলিপি ও ‘মিট দ্য প্রেস’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেও প্রি-পেইড মিটার বাতিল করে আগের ডিজিটাল মিটার পুনঃস্থাপন, বিদ্যুতের দাম কমানো, মামলা প্রত্যাহার এবং বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।
রংপুরের আজকের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে বিদ্যুৎ গ্রাহকদের চলমান সমস্যাগুলো তুলে ধরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে আয়োজকরা নিশ্চিত করেন।
এসময় বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন, সবুজ রায়, এবিএম মসিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচআরবি /বাতায়ন২৪ডটকম