স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
দিনাজপুরের চিরিরবন্দর থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামি মো. শাহিন আলম (২১)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার শাহিন আলম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতাড়া (দবিরের বাজার) এলাকার মো. আমিনুল ইসলাম লালুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী চিরিরবন্দর উপজেলার সনকৈড় আঃ গফুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে শাহিন আলম বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ওই প্রস্তাবে রাজি না হয়ে ছাত্রীটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে তার পরিবার শাহিনের পরিবারকে বিষয়টি অবহিত করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও অপহরণের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চিরিরবন্দর উপজেলার সনকৈড় আঃ গফুর উচ্চ বিদ্যালয় ও সনকৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বৈদেশীরহাট থেকে গার্মেন্টস বাজারগামী পাকা সড়কে শাহিনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে অপহরণ করে বলে অভিযোগ করা হয়। বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আব্দুর রহমান (৩৬) গত ৭ সেপ্টেম্বর চিরিরবন্দর থানায় অপহরণ মামলা করেন। মামলার নম্বর ১৪। মামলা হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।
পরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
২০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন আমতলী সরকার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরে উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম