সংবাদ শিরোনাম :
প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জোবাইদা রহমান ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ মিঠাপুকুরে ডিবির সাঁড়াশি অভিযান: ১০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী অপহরণ: ২৬ দিন পর ময়মনসিংহে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ চ্যাম্পিয়ন তারাগঞ্জ, জ্বালানীর মূল্য বৃদ্ধিতে রংপুর বিভাগ জুড়ে গ্রাহকদের অসন্তোষ : দেড় ঘন্টায় পাম্প মালিকরা হাতিয়ে নিলো ৪ কোটি টাকা  তেলের মূল্য বাড়িয়ে বিএনপি সরকার দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার সূচক বাড়াচ্ছে: আখতার হোসেন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব, রংপুর চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। ‘জ্বালানির দাম কমাতে হবে’, ‘সিন্ডিকেট ভাঙতে হবে’, ‘জনগণের দুর্ভোগ বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগানে পুরো বিক্ষোভ মিছিলের এলাকা মুখর হয়ে ওঠে। এতে মহানগর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

পরে প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানসহ মহানগর জামায়াতের নেতারা।

সমাবেশে মো. মাহবুবুর রহমান বেলাল বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়বে, কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং এর প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

তিনি বলেন, জ্বালানি খাত নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি বরদাশত করা হবে না। জনগণের স্বার্থকে উপেক্ষা করে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করা হলে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মাহবুবুর রহমান বেলাল আরও বলেন, জনগণের ওপর একের পর এক চাপ সৃষ্টি করা হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজপথে আরও তীব্র আন্দোলনের কর্মসূচি দিতে হবে। পরিস্থিতি বিবেচনায় আন্দোলন আরও বিস্তৃত হতে পারে এবং প্রয়োজনে এক দফার আন্দোলনের দিকেও যেতে হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এ টি এম আজম খান বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে শুধু পরিবহন খাত নয়, অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পরিবহনকর্মীসহ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ বাড়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আজম খান আরও বলেন, জ্বালানি তেলের বাজারে কোনো অনিয়ম, মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে রাজনৈতিক ও সামাজিকভাবে জনমত গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় ও কৃষি উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। এতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়বেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। তাই জনস্বার্থে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট কাওছার আলী, শ্রমিক নেতা আবুল হাশেম বাদল, রংপুর মহানগর কোতোয়ালি থানার আমির, মাওলানা গোলাম কিবরিয়া, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল, কারমাইকেল কলেজের সাবেক জিএস আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।#

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com