নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, যথাসময়ে সকাল ৯টাতেও অফিস তালাবদ্ধ।
বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস কার্যালয় পরিদর্শনে এসে ৮টা ৫৫ মিনিটে তিনি কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে না পেয়ে ৩০ মিনিট অপেক্ষা করেন। এসময় তিনি দেখতে পান, কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত নন এবং অফিসও তালাবদ্ধ রয়েছে। পরে ৩০ মিনিটের অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন।
সারা দেশের প্রত্যেক ভূমি অফিস প্রশ্নবিদ্ধ রয়েছে। সেবা গ্রহীতাদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতি আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব খতিয়ে দেখা হচ্ছে—এ কথা সাংবাদিকদের জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি আরও বলেন, সকাল ৯টায় তিনি ভূমি অফিসে এসে অফিস তালাবদ্ধ দেখেন। প্রতিমন্ত্রী আসার খবরে সেবাগ্রহীতারা এসে নানা বিষয়ে অভিযোগ জানালে তিনি সকল অভিযোগের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।