হারুন-অর-রশিদ বাবু||রংপুর ||বাতায়ন২৪ডটকম
মাদক ও মোবাইল আসক্তি থেকে কিশোর, তরুণ ও যুবসমাজকে বের করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।
তিনি বলেন, একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে খেলাধুলা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী কামারপাড়া অগ্রণী সংঘের আয়োজনে সপ্তমবারের মতো অনুষ্ঠিত আন্তঃরংপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে ভাই ভাই একাদশ ৪-৩ গোলে ডায়নামিক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ডায়নামিক একাদশ রানারআপ হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল খেলাকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ভাই ভাই একাদশকে ১০ হাজার টাকা এবং রানারআপ ডায়নামিক একাদশকে ৬ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি মাহফুজ উন নবী চৌধুরী ডন।
অনুষ্ঠানে কামারপাড়া অগ্রণী সংঘের আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের সাবেক জিএস অধ্যাপক আবুল কালাম আজাদ, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব মো. আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ মুরাদ, কুতুবদিয়া জামে মসজিদের উপদেষ্টা মো. হেলাল হোসেন ভুট্টু, কামারপাড়া রথ মন্দিরের সাধারণ সম্পাদক সনাতন কর্মকার, অগ্রণী সংঘের সদস্য সচিব ও সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সাবেক সদস্য মো. নুর ইসলাম বাবু, কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল আলম, কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মমিনুল হক মামুন, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এর সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।
এ ছাড়া উপস্থিত ছিলেন অগ্রণী সংঘের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক সাইফুর রহমান বাবু, সাংবাদিক রাশেদ রাব্বি, আলামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম