স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম |
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্যামল চন্দ্র দাসকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্যামল চন্দ্র দাস ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ পরিষদপাড়া গ্রামের কলেন চন্দ্র দাসের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ও সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল বুধবার দিবাগত রাত ২টার দিকে কাহারোল থানাধীন সৈয়দপুর গ্রামের মালতী রানীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত শ্যামল চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, শ্যামল চন্দ্র দাস ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় ২০১৪ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় আইনের ৯(১) ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার রায়ে সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শ্যামল চন্দ্র দাসকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম