স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর |বাতায়ন২৪ডটকম|
রংপুরের পীরগঞ্জে ভাগ্নে-বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাসান মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের মৃত আইজার রহমানের ছেলে। তিনি ভুক্তভোগী গৃহবধূর মামা শ্বশুর বলে জানিয়েছে এসআরবি।
এলাকাবাসী ও এসআরবি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর বাড়ির পাশে হাসান মিয়ার বাড়ি হওয়ায় তিনি বিভিন্ন সময় ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সুত্রে জানাযায়, গত ১২ আগস্ট দুপুরে ওই গৃহবধূ নিজ বসতবাড়ির একটি কক্ষে শুয়ে ছিলেন। এ সময় হাসান মিয়া ওই কক্ষে প্রবেশ করে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে হাসান মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ৪ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলা নম্বর-৭। মামলা দায়েরের পর হাসান মিয়া গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুরের সিপিএসসি এবং এসআরবি-১ গাজীপুরের সিপিএসসির যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার প্রধান আসামি হাসান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারের পর হাসান মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ হত্যা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম