স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
সরকারি দলের চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য ফ্যাসিস্টদের খোলাখুলিভাবে মাঠে আসার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, “ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ নেই, এটি তাদের আস্ফালন মাত্র। ২০০৪ সালের মতো ট্রাম্প কার্ডের নানা ধোঁয়াশা তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেশের জনগণ দেবে না।”
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরস্থ মহানগর জামায়াতের কার্যালয়ে ২০২৭-২৮ সেশনের মহানগরী মজলিসে শুরার ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, ফ্যাসিস্টরা নাশকতা করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যাচ্ছে এবং কোথাও কোথাও ফ্যাসিস্টদের প্রতি অনুকম্পা কাজ করছে। তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নামে যারা এখন জ্বালাও-পোড়াও করছে, তারা একসময় বলেছিল ‘যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত পুড়িয়ে দেওয়া হবে’। সেই কথা এখন তাদের জন্যই প্রযোজ্য।”
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুজবের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, “তারা জানে ফ্যাসিস্টরা ফিরে এলে রায় কার্যকর হবে। শেখ হাসিনার সেই সাহস নেই যে এমনিতেই ফাঁসির মঞ্চে যাওয়ার সাহস দেখাবে। ২০০৪ সালে যেমন ট্রাম্প কার্ডের রাজনীতির মাধ্যমে হুলস্থুল তৈরি করা হয়েছিল, এখনও সেরকম ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।”
অধিবেশনে রংপুর মহানগরী জামায়াতের ২০২৭-২৮ সেশনের জন্য মনোনীত ও নির্বাচিত মহানগর নায়েবে আমির কেএম আনোয়ারুল হক কাজল, সেক্রেটারি রায়হান সিরাজী, সহকারী সেক্রেটারি আলামিন হাসান, অ্যাডভোকেট কাওছার আলীকে এবং মহানগরীর ১৩ জন পুরুষ এবং ১৩ জন নারী কর্মপরিষদ সদস্যসহ মজলিসে শুরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাঁদের শপথ বাক্য পাঠ করান রংপুর মহানগর আমির এটিএম আজম খান।
রংপুর মহানগর আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং মহানগর ও বিভিন্ন থানা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম