স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পীরগাছা উপজেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ আল নাহিয়ান অভি (২৯) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রংপুর মহানগরীর সরকারি বেগম রোকেয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ১৭টি লোহার রড, ১৩টি বাঁশের লাঠি ও দুটি প্লাস্টিকের বোতলে পেট্রোল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রংপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভি পীরগাছা উপজেলার মহিষমুড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড গতিশীল করা এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন অভি। এ ছাড়া ব্যক্তি ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের ষড়যন্ত্রে গোপন বৈঠক এবং টেলিগ্রাম ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অন্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযানের সময় একটি বেগুনি ও কালো রঙের ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আনুমানিক তিন ফুট দৈর্ঘ্যের ১৭টি লোহার রড, একই দৈর্ঘ্যের ১৩টি বাঁশের লাঠি এবং দুটি অর্ধেক খালি এক লিটারের প্লাস্টিকের বোতলে পেট্রোল জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, অভি পীরগাছা থানার ১৭ নম্বর মামলা, জিআর নম্বর ২৭৫, তারিখ ২০ নভেম্বর ২০২৬-এর এজাহারনামীয় আসামি। সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর ৬(১)(ক)-এর (দ), ১১ ও ১৩ এবং ৬(১)(ক)-এর (ই), ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে।
এ ছাড়াও তার বিরুদ্ধে পীরগাছা থানায় ২০২৪ সালের ৩ অক্টোবর দায়ের করা একটি মামলা এবং রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় ২০২৪ সালের ১৩ নভেম্বর দায়ের করা আরও একটি মামলা রয়েছে। প্রথম মামলায় দাঙ্গা, অনধিকার প্রবেশ, অগ্নিসংযোগ, ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। দ্বিতীয় মামলায় দাঙ্গা, মারধর, গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার রংপুর মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম