স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম ||
আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রংপুরের যুবক-যুবতীরা। তারা বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর প্রয়োজনীয় পুঁজি ও আর্থিক সহায়তা পেলে তরুণরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এতে বেকারত্ব কমার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

রোববার (১ নভেম্বর) দুপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে রংপুরে আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব দাবি জানান প্রশিক্ষণার্থী ও যুব প্রতিনিধিরা।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ ও অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে সময়োপযোগী প্রশিক্ষণ, কারিগরি জ্ঞান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা জরুরি। তরুণরা স্বাবলম্বী হলে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতি এগিয়ে যাবে।
সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি যুবকদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। মাদক ও অপরাধ থেকে দূরে রেখে তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও উৎপাদনশীল কাজে যুক্ত করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, যুবকদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে হবে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে তাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে মাহমুদা বেগম, হানিফ আলী, সাধনা রায়, মোকছেদুল ইসলাম ও কল্পনা বেগম বক্তব্য দেন। তারা প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় উপকরণ ও বাজারসংযোগের সুযোগ বাড়ানোর দাবি জানান। তাদের মতে, এসব সুবিধা নিশ্চিত করা গেলে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক বেকার যুবক-যুবতী উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।
অনুষ্ঠানে গরু মোটাতাজাকরণ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, গাভি পালন, সেলাই মেশিনসহ বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের জন্য ৪৬ জন উদ্যোক্তার মধ্যে মোট ২৬ লাখ ৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপপরিচালক আব্দুল ফারুক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পরে অতিথিরা তিন দিনব্যাপী যুব মেলার উদ্বোধন করেন। এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম