সংবাদ শিরোনাম :
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান

জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান

রংপুরে দ্বিতীয় বিভাগীয় পাঠক সম্মেলন অনুষ্ঠিত।

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
‘জ্ঞান অর্জনের একমাত্র উপায় হলো বই পড়া। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই বই পড়তে চায় না। বই না পড়লে একটি জাতি কীভাবে জ্ঞান অর্জন করবে? জ্ঞান অর্জন করতে চাইলে বই পড়ার কোনো বিকল্প নেই।’ নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে এসব কথা বলেছেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম।

শনিবার (৩১ অক্টোবর) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়, চিন্তাশক্তিকে বিকশিত করে এবং মানুষকে যুক্তিবাদী ও মানবিক হতে শেখায়। একটি শিক্ষিত, সচেতন ও সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য ও মননশীল বিভিন্ন বই পড়ার মাধ্যমে মানুষ নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারে। তাই শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন রংপুরের পায়রাবন্দে অবস্থিত বজলুর রহমান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বজলুর রহমান সরকার।

সভাপতিত্ব করেন কবি ও গবেষক আদিল ফকির। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় পাঠক সম্মেলন-২০২৬ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নবীন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, বিশিষ্ট কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস (দিনাজপুর), কথাসাহিত্যিক শরীফ আহম্মেদ (ঢাকা) এবং কবি ও শিশুসাহিত্যিক হাই হাফিজ (রংপুর)।

মুখ্য আলোচক ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক। আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুরের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং রংপুর সাহিত্য পরিষদের সাবেক সভাপতি।

আলোচনায় বক্তারা বলেন, বই শুধু তথ্য ও জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা, মনন ও মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। বই পড়ার মাধ্যমে মানুষের কল্পনাশক্তি, সৃজনশীলতা, ভাষাগত দক্ষতা ও বিশ্লেষণী ক্ষমতা বাড়ে। পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয় এবং সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতা জাগ্রত হয়।

বক্তারা আরও বলেন, প্রযুক্তির বিস্তারে বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতা কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল বিনোদনের পাশাপাশি বই পড়ার জন্য নিয়মিত সময় বের করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রন্থাগারকে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে পারলে ভবিষ্যতে জ্ঞাননির্ভর ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

বক্তারা পাঠক সৃষ্টি, গ্রন্থাগারকেন্দ্রিক কার্যক্রম জোরদার এবং বই পড়াকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরশাদ জামিল, লেলিন বসুনিয়া ও সফুরা বেগম। এতে লেখক, সাহিত্যিক, শিক্ষক, পাঠক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com