ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক
স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর ডিসির মোড় থেকে র্যালিটি শুরু হয়। এতে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ তিন শতাধিক সাইক্লিস্ট অংশ নেন।

রংপুর সিটি করপোরেশনের (রসিক) আয়োজনে এবং নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম (নাইস) প্রকল্প ও রংপুর সাইক্লিস্টসের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন রসিক প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
উদ্বোধন শেষে তিনি বলেন, জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা ছাড়া শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করতে সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৬ ও ৭ নভেম্বর তরুণদের সম্পৃক্ত করে আরও একটি র্যালি অনুষ্ঠিত হবে। এভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা তৈরির চেষ্টা চলছে। এসব উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রসিক প্রশাসক আরও বলেন, রংপুর নগরীতে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা খুবই কম, প্রায় নেই বললেই চলে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের এসব কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
রংপুর নগরীকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার চ্যালেঞ্জ প্রসঙ্গে মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, ২০৫ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশন দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ফলে নগরীর উন্নয়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সাংবাদিক ও নগরীর ১০ লাখের বেশি নাগরিক সহযোগিতা করলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং একটি আধুনিক ও সবুজ নগরী গড়ে তোলা সম্ভব হবে।
র্যালিটি ডিসির মোড় থেকে শুরু হয়ে জুলাই চত্বর, টাউন হল, পৌরবাজার, পায়রা চত্বর ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ করে পুনরায় ডিসির মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, রাজস্ব কর্মকর্তা রাজ কুমার, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আজম আলী এবং নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম