মালিকানা পরিবর্তন সংক্রান্ত বড় দুটি চুক্তির প্রভাবে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আনুমানিক বাজারমূল্য বেড়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি’র প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট ।।বাতয়ন২৪ডটকম।। ২৯ জুলাই ২০২৬
প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে আইপিএলের মূল্য ১০.৩ শতাংশ বেড়েছে, যা বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া ব্র্যান্ড হিসেবে এর অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, `প্রতি ম্যাচের ভিত্তিতে আয়ের দিক থেকে বিশ্বে কেবল ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) আইপিএলের চেয়ে এগিয়ে রয়েছে।’
টানা দুই মৌসুমের আইপিএল চ্যাম্পিয়ন তারকা ব্যাটার বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৩১২ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজির মর্যাদা ধরে রেখেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনসহ একটি বিনিয়োগকারী জোট প্রায় ১.৮ বিলিয়ন ডলারে আরসিবি অধিগ্রহণ করেছে। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি বিক্রির চুক্তি।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের মালিকানাও পরিবর্তন হয়েছে ১.৬৫ বিলিয়ন ডলারের এক চুক্তিতে। এতে ভারতের ইস্পাতশিল্পের শীর্ষ উদ্যোক্তা লক্ষ্মী এন. মিত্তাল ও তাঁর পরিবার ভ্যাকসিন শিল্পের ধনকুবের আদার পুনাওযয়ালার সঙ্গে যৌথভাবে ক্লাবটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।
হুলিহান লোকির কর্মকর্তা হর্ষ তালিকোটি বলেন, `২০২৬ সালে ক্রিকেটের বৈশ্বিক মালিকানা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগনির্ভর সম্পদে পরিণত হওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে। আইপিএল বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করে চলেছে।’
বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ