স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর |বাতায়ন২৪ডটকম |
লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ৯৯ বোতল এস্কাফ সিরাপ ও দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ও রাতে জেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল ওয়াপদা মোড়ে অভিযান চালায় সিপিএসসি, এসআরবি-১৩-এর একটি দল। এ সময় শ্রী মধুসূদন মোহন্তের (৩৫) মালিকানাধীন ‘এমএস বডি বিল্ডার্স’ নামের ওয়ার্কশপের একটি ঘরের চৌকির নিচ থেকে ৯৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওয়ার্কশপের মালিক মধুসূদন মোহন্তকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার বনচুকি গ্রামে মো. নুর ইসলাম শেখ ওরফে ভোলার (৪৫) বাড়িতে অভিযান চালায় একই আভিযানিক দল। অভিযানে বাড়ির গোসলখানা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক নুর ইসলাম শেখ ওরফে ভোলা এবং তার স্ত্রী মোছা. শাহনাজ বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৩।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম