স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর |বাতায়ন২৪ডটকম |
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের নিয়ে নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৬ইং পর্যন্ত রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপ নির্ধারিত বিধি-বিধান, নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, দায়িত্ব পালনে সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সুযোগ না রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ যোগ্যতা, মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে তিনি নির্দেশনা দেন।
সভায় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর পরীক্ষা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম