স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
রংপুরের পীরগাছা উপজেলায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আটটায় উপজেলার ইটাকুমারি ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের সাজা দেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক হাসান তাহসিন।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর জানান, স্থানীয় মাজেদুল ইসলাম মিলনকে ইয়াবা ও রবিউল ইসলাম এবং ইয়াসিন আলীকে গাজাসহ আটক করে পুলিশে সোপর্দ করে স্থাণীয় কালিগঞ্জ মাদক নির্মুল কমিটি।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক রবিউলকে ৭ দিন এবং মাজেদুল ও ইয়াসিনকে ১ মাসের করে কারাদন্ডাদেশ দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠান।
এর আগে ১৯ সেপ্টেম্বর ইয়াবাসহ আটকের পর পুলিশে দেয়া হলে শফিকুল ইসলামকে এক বছরের কারাদন্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত।
কালিগঞ্জ মাদক নির্মূল কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত সার্জন মোজাম্মেল হক জানান, এরই মধ্যে স্থাণীয়দের সহযোগিতায় আমরা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হাতেনাতে ধরে পুলিশে দিচ্ছি। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজাও দিচ্ছেন। এরই মধ্যে আমাদের এলাকা থেকে ৬০ ভাগ মাদক বেচাকেনা ও সেবন বন্ধ হয়েছে। বাকী ৪০ ভাগ নির্মুল করতে পারলে এলাকা মাদকমুক্ত হবে। আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো।
পীরগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন জানান, মাদক নির্মুল কমিটি তিনজনকে আটক করে পুলিশে দিয়েছিল। আমরা ঘটনাস্থলে এসে বিষয়টি যাচাই বাছাই করি এবং আটককৃতরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করার প্রেক্ষিতে আইন অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম