স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম |
রংপুরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বিএনপির গঠিত মন্ত্রিসভা নিয়ে তীব্র সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। তিনি অভিযোগ করে বলেছেন, “বিএনপি যে মন্ত্রিসভা করেছে সেটা বিএনপির নয়, এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা।”
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমেদ বলেন, তারেক রহমান দীর্ঘ ১৫ বছর বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি বলেন, তারা আশা করেছিলেন, সেই পরিকল্পনা বাংলাদেশের মানুষের কল্যাণকে কেন্দ্র করে হবে।
এলডিপি চেয়ারম্যান বলেন, “আমরা আশা করেছিলাম, তারেক রহমান বিদেশে ১৫ বছর অতিবাহিত করেছে, অনেক জিনিস শিখে এসেছে। এবং এয়ারপোর্টে নেমে বললেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। আমরা মনে করেছিলাম তার প্ল্যানটা হবে বাংলাদেশের মানুষের জন্য।”
এরপর বিএনপির মন্ত্রিসভা নিয়ে ওই মন্তব্য করেন অলি আহমেদ।
দেশ পরিচালনা ও সংস্কারের বিষয়ে ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাকে যদি দেশকে বাঁচাতে হয়, ১১ দলীয় ঐক্যজোটের যারা সংসদ সদস্য আছে, ডা. শফিকুর রহমান সাহেব আছেন, উনাদের সঙ্গে বসেন। বেশি দেরি করবেন, এক দফায় আইসা যাবেন। দোষ দেবেন না। আমি কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে ইঙ্গিত করেছি। বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, তারপরে হবে উপজেলা পর্যায়ে। তারপরে পালানোর জায়গা থাকবে না। আমরা আশা করবো আমরা এই রোড মার্চ সমাপ্ত করার আগেই আপনি অনুধাবন করবেন। হাসিনার ছেলেদের কথা শুনবেন না, যারা আপনার সাথে আছে। তিনি আরও বলেন, সংস্কার ও সুশাসনের জন্য যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে দেরি না করে দেশের মানুষের কথা শুনুন।
অলি আহমেদ বলেন, “তিস্তা আপনাদের মরণ সমস্যা। তিস্তা নদীর পার এবং দুই দিকে নদী শাসন অবশ্যই বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, বাংলাদেশ যেমন ভারতের ক্ষতি চায় না, তেমনি ভারতকেও বাংলাদেশের ক্ষতি না করার আহ্বান জানান। প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তিনি।
১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখে এ লংমার্চ অনুষ্ঠিত হয়। কর্মসূচির অন্যতম প্রধান বিষয় ছিল জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। পাশাপাশি রাজনৈতিক সংস্কার, সুশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে দাবি তুলে ধরেন জোটের নেতারা।
রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত সমাপনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সমাবেশে অলি আহমেদের বক্তব্যে তিস্তা ইস্যুর পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও সরকার পরিচালনা নিয়ে তাঁর অবস্থান তুলে ধরেন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম