স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর |বাতায়ন২৪ডটকম|
রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৬৪ জনের পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার সরকারি আর্থিক সহায়তা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে এ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
এতে রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে মোট দেড় কোটি, গুরুতর আহত ১৮ জনকে ১ লক্ষ টাকা করে মোট ১৮ লক্ষ টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এমন ১৬ জন ভুক্তভোগীকে ৩ লক্ষ করে মোট ৪৮ লক্ষ টাকা বিতরণ করা হয়।
বিআরটিএ রংপুর অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের করা আর্থিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ নিয়মিত আর্থিক সহায়তার চেক বিতরণ করছে। যাদের আজ আর্থিক সহায়তা প্রদান করা হলো তাদের বেশিরভাগই পরিবারের প্রধান উপার্জনকারীই সড়ক দুর্ঘটনার শিকার। অনেকেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তাদের পরিবারের এখন করুণ অবস্থা। সেই পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে যাতে করে তারা এটিকে মূলধন হিসেবে ব্যবহার করে পরিবারের স্বচ্ছ্বলতা ফেরাতে পারেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, একটি পরিবারের যখন কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হয়, সেই ক্ষতিটি কোনভাবে পূরণ করা সম্ভব নয়। তবুও সরকারের মানবিক দৃষ্টিকোণ থেকে নেয়া উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাবলম্বী গড়ে তুলতে এ অর্থ প্রদান করা হয়েছে। সরকার প্রত্যাশা করে এই আর্থিক সহায়তা দিয়ে প্রতিটি পরিবার বিনিয়োগ বা ব্যাবসায়িক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম