মোস্তাফিজুর রহমান|বদরগঞ্জ প্রতিনিধি, রংপুর| বাতায়ন২৪ডটকম
আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত ঢাকা থেকে রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রংপুর জেলা জামায়াতে ইসলামী। শনিবার (১২ সেপ্টেম্বর) বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটায় বদরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা জামায়াতের আমীর ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো, দুর্নীতি বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এসব কোনো একক গোষ্ঠীর নয়, বরং সাধারণ মানুষের দাবি। দেশের বিপুল সংখ্যক জনগণের সমর্থনপুষ্ট এই লংমার্চ সফল করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।”
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রায় ২০০ নেতাকর্মী ও তৃণমূল প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালানো এবং কর্মসূচির তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রুস্তম আলী, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আশরাফ আলী, পৌর জামায়াতের আমীর মাওলানা মাহফুজার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম