সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা

রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা

মুখ থুবড়ে পড়েছে রংপুর চিড়িয়াখানা, আধুনিকায়নে ৪ বছরের মহাপরিকল্পনা

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম
জরাজীর্ণ অবকাঠামো, দর্শনার্থীদের বসার পরিবেশহীনতা এবং পার্কিংয়ে নির্ধারিত হারের চেয়ে দুই-তিন গুণ বেশি ফি আদায়—সব মিলিয়ে রংপুর চিড়িয়াখানা নিয়ে দিন দিন ক্ষোভ বাড়ছে দর্শনার্থীদের। একদিকে অব্যবস্থাপনা ও ঠিকাদারদের স্বেচ্ছাচারিতা, অন্যদিকে পশুপাখির পর্যাপ্ত খাবার না পাওয়া এবং চিকিৎসা অবহেলায় প্রাণহানির নানা অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে।

সরেজমিনে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ৩টায় রংপুর চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, সরকারি নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার আগেই অফিস ত্যাগ করেছেন দায়িত্বে থাকা কর্মকর্তা ও রংপুর জেলা ভেটেরিনারি অফিসার ড. মো. ওমর ফারুক। অন্যদিকে চিড়িয়াখানার গ্যারেজে সরকারি নির্ধারিত ফি-এর চার্ট উপেক্ষা করে ইচ্ছামতো বাড়তি ভাড়া আদায় করছে ঠিকাদারের লোকজন।

ভেতরে প্রবেশ করে দেখা যায়, অজগর ও বানরসহ অধিকাংশ প্রাণীর খাঁচাগুলো অত্যন্ত জরাজীর্ণ। দর্শনার্থীদের জন্য রাখা বেঞ্চগুলো চরম অপরিষ্কার থাকায় একটু বসে বিশ্রাম নেওয়ার সুযোগও নেই। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থী সোমা দেব আক্ষেপ করে বলেন, “বান্ধবীকে নিয়ে একটু অবসর সময় কাটাতে এসেছিলাম। কিন্তু এখানে বসে দু-দণ্ড জিরানোর মতো পরিবেশ নেই। বিনোদন উদ্যানে মানুষ একটু মানসিক শান্তির জন্য আসে, অথচ এখানকার পরিবেশ একেবারেই অনুপযোগী।”

কুড়িগ্রাম থেকে ছেলেকে চিকিৎসা করাতে এসে চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন আবুল খায়ের। তিনি বলেন, “ডাক্তারের সিরিয়াল পেতে দেরি হওয়ায় এখানে আসলাম। এসে দেখি খাঁচার পশুগুলোর কোনো চাঞ্চল্যতা নেই! আধামরা হয়ে পড়ে আছে। ঠিকমতো খাবার ও যত্ন নিলে এগুলোর চেহারা এমন হতো না।”

গ্যারেজে অতিরিক্ত ফি আদায়ের ‘হরিলুট’
গ্যারেজে আসা দর্শনার্থী মুন্না জানান, চিড়িয়াখানার ভেতরের সাইনবোর্ডে মোটরসাইকেলের গ্যারেজ ভাড়া ১০ টাকা লেখা থাকলেও তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ২০ টাকা। জানতে চাইলে দায়িত্বরত কর্মচারীরা জানান, এটি নাকি তাঁদের ‘বস’ নির্ধারণ করে দিয়েছেন।

দর্শনার্থী মো. আমিনুল ইসলাম করে বলেন, চিড়িয়াখানার ভিতরে বসার পরিবেশ আগের মতো নেই! স্ত্রী সন্তানমে নিয়ে এসে আমি হতাশ। প্রাণীগুলো দেখলেই বুঝা যায় এরা ক্ষুধার্ত, অসুস্থ । গ্যারেজে এসে দেখি ১০টাকার ভারা ২০টাকা নিচ্ছে! অতিরিক্ত ভাড়া নেয়ার কথা জিঙ্গেস করায় স্টাফরা আমার সাথে উশৃংখল আচরণ করে।

এ বিষয়ে ঠিকাদার জাকারিয়া ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে গ্যারেজে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, ঠিকাদারের নির্দেশেই তারা মোটরসাইকেল ২০ টাকা, সাইকেল ১০ টাকা, অটো/ভ্যান ৩০ টাকা, প্রাইভেটকার ৩০ টাকা এবং মাইক্রোবাস ৫০ টাকা করে নিচ্ছেন। সরকারি চার্ট না মানার বিষয়ে তাঁদের স্পষ্ট জবাব, ঠিকাদার যেভাবে নির্দেশ দিয়েছেন, তারা সেভাবেই ভাড়া আদায় করছেন।

রংপুর চিড়িয়াখানার কিউরেটর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ২২ একর আয়তনের এই চিড়িয়াখানায় ৪টি বাঘ, ১টি সিংহ, ৫২টি চিত্রা হরিণ, ৮টি গাধা ও ৩টি জলহস্তীসহ মোট ৩০ প্রজাতির ২৪৮টি প্রাণী ও পাখি রয়েছে।

অভিযোগ রয়েছে, ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালী চক্রের দুর্নীতির কারণে বরাদ্দের তাজা ও পর্যাপ্ত খাবার প্রাণীদের খাঁচা পর্যন্ত পৌঁছায় না। সঙ্গে সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় বিগত বছরগুলোতে বাঘসহ বেশ কিছু মূল্যবান প্রাণীর মৃত্যু হয়েছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ এসব মৃত্যুর মূল কারণ হিসেবে বার্ধক্য ও নানা জটিল রোগকে দায়ী করে আসছে।

সর্বশেষ ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি প্রায় ১৮ বছর ৭ মাস বয়সে বাঘিনী ‘শাওন’ মারা যায়। এর ফলে দীর্ঘ দিন বাঘের খাঁচাটি শূন্য ছিল। সে সময়ও স্থানীয়রা পর্যাপ্ত খাবার ও চিকিৎসার গাফিলতিকেই বাঘিনীটির মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন।

এসব বিষয়ে রংপুর চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা ভেটেরিনারি অফিসার ড. মো. ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্যারেজে নির্ধারিত চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তাঁর জানা ছিল না এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য ও চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ম মেনে খাদ্য সরবরাহ করা হয়। তাই এখানে গাফিলতির সুযোগ নেই। পূর্বে যেসকল প্রাণীর মৃত্যু হয়েছে, তা খাদ্যাভাব বা চিকিৎসার অবহেলায় নয়, বরং বার্ধক্যজনিত কারণেই হয়েছে।”

চিড়িয়াখানা আধুনিকায়নে ৪ বছরের মাস্টারপ্ল্যান

রংপুর চিড়িয়াখানার সার্বিক চিত্র বদলে দিতে একটি আধুনিকায়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তিনি জানান, জেলা প্রশাসনের প্রস্তাবনার প্রেক্ষিতে সম্প্রতি পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব চিড়িয়াখানাটি পরিদর্শন করে গেছেন।

জেলা প্রশাসক বলেন, “যেসব খাঁচা খালি রয়েছে, যেমন জিরাফ বা নীলগাই নেই, কিংবা একক অবস্থায় থাকা জেব্রার সঙ্গী নেই, সেখানে সাফারি পার্ক বা অন্যান্য চিড়িয়াখানা থেকে অতিরিক্ত প্রাণী এনে দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এই আধুনিকায়ন করা হচ্ছে।” তিনি আরও জানান, নতুন পরিকল্পনায় আধুনিক রাস্তা, অসুস্থ প্রাণীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার, দর্শনার্থীদের জন্য রিক্রিয়েশন শেড এবং একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হবে।

প্রকল্পের সময়সীমা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “আগামী ৪ বছরের মধ্যে এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নের লক্ষ্য রাখা হয়েছে। আধুনিক এই প্রকল্পে এমন ব্যবস্থা থাকবে যেখানে দর্শনার্থীরা সুরক্ষিত খাঁচার ভেতরে থাকবেন আর পশুপাখিরা মুক্ত অবস্থায় বাইরে বিচরণ করবে। এটি বাস্তবায়িত হলে রংপুর চিড়িয়াখানা উত্তরবঙ্গের অন্যতম সেরা বিনোদন কেন্দ্রে পরিণত হবে।”

উল্লেখ্য, দেশে বিদ্যমান দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুর চিড়িয়াখানা একটি। এটি ১৯৮৯ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে নগরীর হনুমানতলা এলাকায় প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯২ সালে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com