স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
সোমবার (২ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বাংলা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে রোববার (১ নভেম্বর) রাতে ফুলবাড়ী সীমান্তে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত সাড়ে ৭টায় অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাজিটারীতে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে বিজিবি।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই রাতে ৮টা ৪০ মিনিটে বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বালাটারীতে। সেখানে তল্লাশি চালিয়ে ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম