স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’-এই প্রতিপাদ্যে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১০ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, কার্যকর ব্যবস্থা প্রহণ এবং ক্ষয়ক্ষতি কমানোর পূর্ব প্রস্তুতি নেওয়া।
প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙন, খরা, বন্যা, বজ্রপাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাৎক্ষণিক ও সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব করা সম্ভব। তিনি আরো বলেন, গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো মানবসৃষ্ট দুর্যোগ সচেতনতা ও সতর্কতার মাধ্যমেই প্রশমন করা যায়।

দুর্যোগ মোকাবিলায় সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে এবং প্রায় ৭৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন সময়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়া হয়। তিনি দুর্যোগের ধরন অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, যুবসমাজ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার পর ক্ষয়ক্ষতির বিষয়ে গুজব না ছড়িয়ে সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো উল্লেখ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও আইন অনলাইনে সহজেই পাওয়া যায়, তা সম্পর্কে আমাদের সকলের জানা উচিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রংপুর জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ বাদশা মাসউদ আলম প্রমুখ।
আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, এনজিওকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি ডিসি মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।