স্টাফ করেসপন্ডেন্ট ||ঢাকা||বাতায়ন২৪ডটকম||
হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার ঘটনায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তেল পরিবহনের খরচ কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগও দামের ওপর প্রভাব ফেলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়।
এর আগের দিন সৌদি আরামকোর সদর দপ্তরে হুতিদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে নতুন কৌশলে হামলার বিষয়ে ইরানের ঘোষণার পর ডব্লিউটিআই তেলের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবারের আগের ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপিত অস্ত্রের আঘাতে হরমুজ প্রণালির কাছে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
গত ১০ দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে হামলার ঘটনা বেড়েছে। ইরান বলছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরও কঠোর করা নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।
সুত্র-আল জাজিরা
এইচআরবি/বাতায়ন২৪ডটকম