স্পেশাল করেসপনেডন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুর উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসনের অভিযোগে হামলা, বাঁধা ও তুমুল হট্রগোলের ঘটনায় পন্ড হয়ে গেছে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন। জেলা ও মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং যুবদলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এসময় হেনস্তার শিকার হন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুসহ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাও। আহত হয়েছে বেশ কয়েজন। ভাংচুর করা হয় স্টেজ। ছিড়ে ফেলা হয় ব্যানার ফেস্টুন। এনিয়ে থমথমে অবস্থা রংপুরে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুর স্টেডিয়ামের মিনি কনফারেন্স রুম এবং আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে সকাল ১১ টায় সেখানে রংপুর জেলা ও মহানগর পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী। পরে সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর উন্নয়নন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামাস সামু। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ নেতৃবৃন্দ।

সরেজমিনে দেখা গেছে, ফুল দেয়ার পর্ব শেষ হওয়ার সাথে সাথে সাথেই সেখানে উপস্থিত হন রংপুর জেলা ও মহানগর শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহবায়ক, কেন্দ্রীয় করুনাময়ী কালিবাড়ির সভাপতি ও রংপুর মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য এবং মহানগর ড্যাবের সভাপতি ডা. নিখিলেন্দ গুহ ও ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কল্যাণ ঐক্য ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি স্বপন ভট্টাচার্য ও পূজা উদযাপন কমিটির মহিলা বিষয়ক সম্পাদকসোমা চক্রবর্তির নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীরা। তাদের সাথে ছিলেন মহানগর যুবদলের বেশ কিছু নেতাকর্মীও।

এসময় ডা. নিখিলেন্দু গুহ মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকে প্রশ্ন করেন, পূজা উদযাপন পরিষদে আওয়ামীলীগকে পূনর্বাসন করা হচ্ছে। তিনি সরসারি বর্তমান জেলা সভাপতি রামজীবন কুন্ডু নাম উল্লেখ করে বলেন, কুন্ডু জুলাই বিপ্লবের হত্যা চেস্টা মামলার আসামী, আওয়ামীলীগের মন্ত্রী রমেশ চন্দ্র সেনের ভাতিজি জামাই ও মহানগর আওয়ামীলীগের নেতা। তিনি রংপুরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য দায়ি। এনিয়ে শুরু হয় বচসা। এক পর্যায়ে ডা. নিখিলকে বের হয়ে যেতে বলেন সামু। বলেন, সবাইকে যাইতে বলেছি, চলে যান। তখন আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় প্রতিবাদকারীরা সামুর কথার প্রতিবাদ জানান। বলেন এখানে আওয়ামীলীগের কমিটি হচ্ছে। তখন সামু বলেন, এখানে আওয়ামীলীগের কমিটি হচ্ছে না, পূজা উদযাপন পরিষদের কমিটি হচ্ছে। এরপর উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। শুরু হয় হট্রগোল। সামু থামানোর চেস্টা করলে তার ওপরও চড়াও হন হিন্দু সম্প্রদায় এবং যুবদলের নেতাকর্মীরা। ভাংচুর করা হয় স্টেজ, ছিড়ে ফেলা হয় ব্যানার ফেস্টুন। এসময় সামুকে হেনস্তা করা হয়।
এক পর্যায়ে হল রুমের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূজা উদযাপন কমিটির সভাপতি রামজীবন কুন্ডুসহ কয়েকজনকে বেধড়ক পিটুনি দেন উত্তেজিতরা। এক পর্যায়ে মহানগর বিএনপির আহবায়ক সামুর ওপরও চড়া্ও হন নেতাকর্মীরা। তিনি নিজেই পরিস্থিতি সামাল দেয়ার চেস্টা করেন। কিন্তু নেতাকর্মীরা তাকেও হেনস্তা করেন। পরে সামু গাড়ি নিয়ে চলে যান। পন্ড হয়ে যায় সম্মেলন। প্রায় ১৫ মিনিট ধরে চলে মারধোর, হামলা এবং ভাংচুর। ঘন্টাখানেক পর আবারও কনফারেন্স রুম এলাকায় আসেন সামসুজ্জামান সামু। সেখানে ক্রীড়া বিষয়ক বিভিন্ন মিটিংয়ে অংশ নেন তিনি।
ঘটনার সময় উপস্থিত হন মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন। সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন আসেন ঘটনার পর। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন ও সদস্য সচিব রবিউল ইসলামও সেখানে অবস্থান করছেন।
ঘটনার খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মহানগর উপস্থিত পুলিশ। এখনও উভয়পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।
সম্মেলনে বাঁধা দিতে গিয়েছিলেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক পরিতোষ চক্রবর্তির কন্যা সোমা চক্রবর্তি। তিনি জানান, ‘ আমার বাবা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক এমপি। কিন্তু জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটি হচ্ছে। সেখানে আমার বাবাকে ডাকা হয় নি। এরা আওয়ামীলীগকে পূনর্বাসনের জন্যই কমিটি গঠন করতে এসেছিল। আমরা সনাতনিরা প্রতিহত করেছি। ’
ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব জানান, ‘ আমরা গত সাত-আট দিন আগে শুনতে পারি আওয়ামীলীগ নেতাদের দিয়ে এখন পূজা উদযাপন পরিষদ জেলা এবং মহানগর কমিটি সম্মেলন করার পাঁয়তারা চলছে। আমরা যারা দীর্ঘদিন এই কমিটি থেকে বঞ্চিত ছিলাম, আমাদেরকে এই কমিটিতে কোনো স্থান দেওয়া হয়নি।’
বিপ্লব আরও জানান, গেলো ১৭ বছরে এই পূজা উদযাপন পরিষদে আওয়ামী লীগের বাইরে কাউকে কোনো স্থান দেওয়া হয়নি। আমরা সে কারণে নিখিল দাসহ তাদের সাথে দেখা করতে যাই। এসময় আমরা তাদের বলি কিভাবে বিগত সময়ে সংগঠনে আওয়ামীলীগকে পূনর্বাসন করা হয়েছে। চার বছর আগে কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বিলুপ্ত না করে কেন আওয়ামীলীগদের নিয়ে কমিটি করা হচ্ছে। জেলা কমিটির রামজীবন কুণ্ডর নামে একাধিক মামলা, জুলাই আন্দোলনে আওয়ামী লীগকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছে। এটার অনেক তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু তারা এসব না শুনেই কমিটি গঠন করার চেস্টা করে। আমরা তাতে বাঁধা দিয়েছি। আমাদের দাবি পূজা উদযাপন পরিষদে আওয়ামী লীগের কাউকে রাখা যাবে না। তাহলে এরা দেশকে অস্থিতিশীল করবে।’
ঘটনার বিষয়ে রংপুর জেলা ও মহানগর শারদীয় দূর্গাপূজা কমিটির সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহানগর সভাপতি ডা. নিখিলেন্দু শংকর গুহ রায় বলেন, ‘আমরা জুলাই-আগস্টের কষ্টার্জিত আন্দোলনের পরে মুক্ত বাতাসে যে নিঃশ্বাস নিতে পারছি, আমাদের যে অর্জনটা হয়েছে—এই অর্জনটাকে কলুষিত করবার জন্য কিছু আমাদেরই কিছু লোকজন বা কিছু নেতা এদেরকে পেট্রোনাইজ করছিল। সেই পেট্রোনাইজের পরিপ্রেক্ষিতে হাতে গোনা কয়েকজন তারা এই কমিটিটাকে পকেট কমিটি করে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে, তাদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বেড়াচ্ছিল, বেড়াচ্ছিল। আমরা সেই বিষয়টি বলতে এসেছিলাম। এখানে কেউ কেউ জুলাই যুদ্ধে হত্যা ও হত্যা চেস্টা মামলার আসামি। কেউ জুলাই-আগস্ট আন্দোলনের অর্থদাতা। তাদের নিয়ে কি এই আজকের এই কমিটি হবে? নাকি কমিটি হবে যারা অরিজিনালি যারা সনাতনীদের পাশে ছিল তারা, বা সনাতনীদের যারা নেতৃত্ব দিয়েছে এই তিন বছর তাদের নিয়ে? এটা বলাতেই তারা আমাদের ওপর চড়াও হয়। তারা আওয়ামীলীগকে পুনর্বাসন করছে। ’
এ ঘটনার জন্য শারদীয় দুর্গার্পজা কমিটি ও পূজা উদযাপন ফ্রন্ট নেতা এবং মহানগর যুবদলকে দায়ী করেছেন পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

সন্তোষ শর্মার অভিযোগ, ‘ আমাদের সম্মেলনে হামলা চালিয়ে সব কিছু ভুন্ডুল করে দেয়া হয়েছে। মারপিট করা হয়েছে। এই হামলার নেতৃত্ব দিয়েছে ফ্রন্টের নেতা ডাক্তার নিখিলেশ, সুনীল এবং শ্রী বিপ্লব বাবু। এছাড়াও মহানগর যুবদল নেতা মিলন ও লেনিন নয়ন সাহেব নেতৃত্ব দিয়েছেন।ওনাদেরকে সামু সাহেব চেষ্টা করেছেন সামলানোর জন্য, কিন্তু ওনারা কোনো কথায় কর্ণপাত করেননি। সবকিছু ভাঙচুর করে দিয়েছেন। আমাদের নেতাদের উপর হামলাও করেছেন। তিনি বলেন, এখানে যদি আওয়ামীলীগের কোন নেতা থাকে তাহলে তাকে পুলিশ ধরবে। কিন্তু তারা মব তৈরি করে আমাদের সম্মেলন পণ্ড করবে, এই অধিকার তাদের কে দিয়েছে? এসময় তো বিএনপি নেতা সামু সাহেব উপস্থিত ছিলেন । আমরা আইনগত ব্যবস্থা নিবো। এসময় তিনি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন মহানগর যুবদল আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। তিনি বলেছেন, আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনার সাথে সনাতনধর্মাবলম্বীরাই ছিলেন। এখানে পূজা উদযাপন কমিটি রংপুর জেলা ও মহানগরের কমিটি করার উদ্দেশ্যে বসেছিল। আমাদের দলের মহানগর বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা যিনি রংপুরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেছে, পুনর্বাসিত করতেছে। সেই এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এখানে মামলার আসামি আওয়ামী লীগের মহানগর কমিটির একজন সদস্য, তাদের নেতৃত্বে তিনি কমিটি দেওয়ার চেষ্টা করেছে। দীর্ঘদিনের বিগত ফ্যাসিস্ট আমলের ত্যাগী নেতারা যখন সেখানে গিয়েছে, তারা প্রশ্ন করেছে যে কেন আমাদেরকে বাদ দিয়ে কেন এখানে এই সম্মেলন—তখন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার উপক্রম করেছে, অনেকের গায়ে হাত দিছে, অনেককে বের করে দিয়েছে, তাদেরকে হেনস্তা করেছে।

মিলন আরও অভিযোগ করেছেন, সেখানে তাদের যে সম্প্রদায়, তাদের দুই গ্রুপের ওখানে একটি সংঘর্ষ হয়েছে, সেখানে হয়তো বিশৃঙ্খলা হয়েছে। কিন্তু এটার সাথে আমাদের কেউ জড়িত নাই। এটা পরিকল্পিতভাবে উনি সন্তোষ শর্মা আমাদের নামটি এখানে বলেছে, আমাদের নাম জড়ানোর চেষ্টা করতেছে। কারণ আমরা যদি এই দলে থাকি, রাজপথে থাকি, আমরা যদি সোচ্চার থাকি, কোনো কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না রংপুরে। সে কারণে আজকের ষড়যন্ত্রমূলকভাবে তার নাম, তার মুখ দিয়ে আজকে আমাদের নামটি বলেছে, আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে।’

এ ব্যপারে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ জানান, ‘ গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি যে আবু সাঈদ স্টেডিয়ামে পূজা উদযাপন পরিষদের একটা দ্বিবার্ষিক সম্মেলন ছিল, সেখানে পূজা উদযাপনেরই একটা পক্ষ গিয়ে হামলা করেছে। শুনে আমাদের পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরবর্তীতে আমরা অতিরিক্ত রিইনফোর্সমেন্ট করে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করেছি। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।’
জুলাই আন্দোলনের মামলার আসামী পুলিশ কমিশনার অফিসে আসার বিষয়ে তিনি বলেন, ‘ তার নামে কোন ওয়ারেন্ট আছে কিনা। সেটা আমার জানা নাই। থাকলে ব্যবস্থা নেয়া হবে। ‘
রামজীবন কুন্ড জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আনোয়ার হোসেন হত্যাচেস্টা মামলা ৫ নং আসামী। আওয়ামীলীগ এর সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ সেন গুপ্তের আপন ভাগ্নিজামাই। ২০১৭ সালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাচনে দুধখাওয়া ভোট সেন্টারে সরাসরি আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে ভোট ডাকাতিতে নেতৃত্ব দেয়ার অভিযোগ আছে। এছাড়াও রামজীবন কুন্ডর বিরুদ্ধে সাব রেজিস্টার থাকাকালীন সময়ে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ করা হয় দুদুকে।
তবে সব কিছু অস্বীকার করেছেন রামজীবন কুন্ডু। তিনি বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নই। সাব রেজিষ্টার থাকাকালীন আমার বিরুদ্ধে অনিয়ম দুর্ণীতির অভিযোগ করা হলেও তা প্রমাণ করতে পারেনি কেউ।
এদিকে এ বিষয়ে বিকেল ৫ টায় সংবাদ সম্মেলন করে পুজা উদযাপন পরিষদ কর্তৃক আওয়ামীলীগ পুনর্বাসনের কমিটি গঠন প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন ডা. নিখিলেন্দু শংকর গুহ রায়। তিনি যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেছেন।
বাতায়ন২৪ডটকম।। সমামা