স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর নগরীর পুরাতন সিভিল সার্জন অফিসে জানালার গ্লাস ভেঙে চুরির চেষ্টার অভিযোগে মোঃ আলাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে অফিসের থাই গ্লাসের জানালার রেল বা ট্র্যাকের নয়টি অংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানাধীন পুরাতন সিভিল সার্জন অফিসে এ ঘটনা ঘটে। অফিসের নাইট গার্ড চুরির সময় তাঁকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আটক আলাল হোসেন রংপুর নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কেরানীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আবদুল হালিম এবং মায়ের নাম মোছা. দয়ালী বেগম।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মালামালের মধ্যে ২৭ ইঞ্চির দুটি, ১৭ ইঞ্চির একটি, ৩০ ইঞ্চির দুটি, ৪৮ ইঞ্চির একটি, ৫২ দশমিক ৫০ ইঞ্চির দুটি এবং ৫১ দশমিক ৫০ ইঞ্চির একটি উইন্ডো ট্র্যাক রয়েছে। সব মিলিয়ে নয়টি ট্র্যাক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ১ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০২/৫০৭। পেনাল কোডের ৪৫৭/৩৮০/৪১১/৪২৭ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম