সংবাদ শিরোনাম :
রংপুরে চাঁদা না দেওয়ায় আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়ন ও রংপুরের উন্নয়নে রাজপথে সোচ্চার হওয়ার ঘোষণা জামায়াতের বদরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, টাকা দাবি’ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম ||

রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে।

একপর্যায়ে বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতের সীমান্তের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের বহন করা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পিস্তল ও গুলি নাগেশ্বরী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইস প্রকৃতপক্ষে মাদকদ্রব্য কি না, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক চোরাচালানের বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা পদার্থটি প্রকৃত ক্রিস্টাল মেথ আইস কি না, তা ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ অনেক ক্ষেত্রে ক্রিস্টাল মেথ আইসের নামে নিম্নমানের মাদকদ্রব্যও পাওয়া যায়। পরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com