স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম |
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়ে ৯০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন রংপুর -১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে রুহিয়া থানাধীন কালীতলা বাজারের মসজিদসংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন -ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ থানার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।
এসআরবি রংপুর-১৩ এর সহকারী পরিচালক মিডিয়া, বিপ্লব কুমার গোস্বামী বলেন, চলমান সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কালীতলা বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচল করা দুটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিপ্লব কুমার গোস্বামী আরও বলেন, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহিয়া থানায় মামলা দায়ের করেছে। জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি /বাতায়ন২৪ডটকম