স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ, মাজারপাড়া এলাকায় শাহ ইসমাইল গাজী (রহ.) মাজার জামে মসজিদের সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজুল ইসলাম ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে।
এসআরবি-১৩-এর দেওয়া তথ্য অনুযায়ী, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাফিজুল ইসলামের কাছ থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে। জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম