হারুন-অর-রশিদ বাবু |রংপুর| বাতায়ন২৪ডটকম |
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর শাপলা চত্বরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সরকার তা অস্বীকার ও টালবাহানা করছে। তিনি আরও বলেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, ধর্ষণ, দুর্নীতি, এবং সরকারি দলের নেতাকর্মীদের চাঁদাবাজি ও দখলদারিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুৎ, গ্যাস ও সারের তীব্র সংকট এবং ভৌতিক বিলের কারণে সাধারণ মানুষ বিপর্যস্ত। এছাড়া রংপুরের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ এ টি এম আজম খাঁন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সংকীর্ণ দলীয়করণ, এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এই লংমার্চ কেবল ১১ দলীয় ঐক্যের নয়, এটি আজ আপামর জনসাধারণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পথসভায় অংশগ্রহণের মধ্য দিয়ে রংপুরের জেলা স্কুল মাঠে এই লংমার্চের বিশাল সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে না নেওয়া হলে লংমার্চের পর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর আসার পথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে এবং শেষ পর্যন্ত লক্ষাধিক মানুষের উপস্থিতিতে রংপুরের জেলা স্কুল মাঠে মহাসমাবেশের মাধ্যমে লংমার্চ সমাপ্ত হবে।
প্রসঙ্গত, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ইতিপূর্বে গত ৫ আগস্ট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ পালিত হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত বিভিন্ন সমমনা রাজনৈতিক দল ও জোট এই লংমার্চে অংশগ্রহণ করছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম