সংবাদ শিরোনাম :
নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রংপুর সার্কিট হাউসে সুধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের আমন্ত্রণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ গোলাম রব্বানী, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জামায়াতে ইসলামীর আমির এ.টি.এম আজম খান, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব আব্দুল মালেক, সদস্য গোলাম রাব্বানী ও আলমগীর নয়ন বক্তব্য দেন।

এ ছাড়া রংপুর জজ কোর্টের আইনজীবী শিতাংশু কুমার, সাবেক শিক্ষক সাফিয়ারের রহমান সাফি, শিক্ষক স্বপন কুমার রায়, রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রংপুর জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যাতে কোনো মহল গুজব, অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, রংপুরের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, যেহেতু মামলাটি তদন্তাধীন, তাই দায়িত্বশীল কোনো জায়গা থেকে ঢালাও মন্তব্য না করে আইনি ও সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন বলেন, অপরাধীর কোনো দল বা ধর্ম নেই। সে নিছক একজন অপরাধী। একটি চক্র যাতে তথ্য বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়েও আলোচনা হয়। সহকারী পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শাকিল মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন। তিনি জানান, গত তিন মাসে রংপুর মেট্রোপলিটন পুলিশ ৯২টি মাদক মামলায় ২৩৬ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়টি মামলায় নয়জন এবং র‍্যাব চারটি মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বদলি প্রসঙ্গেও কথা ওঠে। সহকারী পুলিশ কমিশনার শাকিল জানান, ১২ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্ট বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি স্পষ্ট করেন, চার হত্যাকাণ্ডের ঘটনার অনেক আগেই এ বদলির প্রক্রিয়া নির্ধারিত ছিল।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ছিলেন গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী ও পুত্র আয়ুশ চক্রবর্তী।

ঘটনার পর রংপুরজুড়ে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য ইতোমধ্যে গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও তদন্তকারী সংস্থাকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদল, এনটিভি স্পেশাল করেসপন্ডেন্ট মইনুল ইসলাম, আমার দেশ-এর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী, এটিএন নিউজের শাহরিয়ার মীমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা থেকে রংপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com