স্টাফ করেসপন্ডেন্ট|ঢাকা|বাতায়ন২৪ডটকম
বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের মাথায় লোডশেডিংয়ের অতীত সব রেকর্ড ভেঙে চুরমার করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর দেশের সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
শুক্রবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে সরকার উৎখাতের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, “জনগণের গণভোটের রায় যদি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে এই সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টি মূলতঃ দেশের সার্বিক পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যেই জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিল এবং নির্বাচনে অংশ নিয়েছিল। আমরা জনগণকে ‘হ্যাঁ’ ভোটে রায় দিতে আহ্বান জানিয়েছিলাম, কারণ এই ভোটের মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব।”
বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “এই সরকার একটি চূড়ান্ত প্রতারক ও বিশ্বাসঘাতক সরকার। হাজারো শহীদের রক্তে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান এবং এ দেশের সর্বস্তরের মানুষের সাথে প্রতারণা করে তারা আজ মসনদে বসেছে।”
বিদ্যুৎ খাতের তীব্র সংকট তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, “২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস দেশের মানুষের জানা আছে। অথচ এই সরকার মাত্র পাঁচ মাসের মধ্যেই লোডশেডিংয়ের সব পুরনো রেকর্ড ছাড়িয়ে গেছে।”
অভিযোগ তুলে তিনি আরও যোগ করেন, নির্বাচনকালে যাদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়া হয়েছিল, সরকার এখন দেশের মূল্যবান সম্পদ তাদের হাতেই তুলে দিচ্ছে।
এইচ আরবি/ বাতায়ন২৪ডটকম