স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের কাউনিয়ায় সেভেন স্টার ও কোহিনুর গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে খলিলুর রহমান (৪১) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খলিলুর রহমান উপজেলার শিবু কুটিরপাড় এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি রতন হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
পুলিশ জানায়, সোমবার বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে বাড়ির পাশে ধারালো অস্ত্র দিয়ে রতনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে সোমবার রাতে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতীতে নয়ন গ্রুপ ও কোহিনুর গ্রুপের মধ্যে একাধিক হামলা ও মামলার ঘটনা ঘটেছে। দুই পক্ষের লোকজনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, নিহত ফখরুল আলম রতন স্থানীয় সেভেন স্টার গ্যাংয়ের প্রধান নয়নের বড় ভাই ও বালাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। দীর্ঘদিন ধরে এলাকায় সেভেন স্টার ও কোহিনুর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ৫ আগষ্টের পর থেকেই গ্রাম ছাড়া ছিলেন রতন।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম