স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
রংপুর বাসির মতামত, ভোটাধিকার প্রয়োগ, মর্যাদা এবং উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অগণতান্ত্রিক, আপত্তিকর ও বৈষম্যমূলক দাবি করে তাকে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রংপুরের এমপিরা।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আট টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রংপুর অঞ্চলের সংসদ সদস্যদের পক্ষ থেকে এই আহবান জানান রংপুর-৩ আসনের এমপি ও জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল। এসময় উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী, ৬ আসনের এমপি নুরুল আমীন, মহানগর আমীর এটিএম আজম খান, জেলা সেক্রেটারী এনামুল ইসলাম প্রমুখ।
এসময় বেলাল এমপি বলেন, ‘ গত ৯ আগস্ট রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভোটাধিকার নিয়ে যে মন্তব্য করেছেন- আমরা রংপুরের সংসদ সদস্যদের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
রোববার( ১১ আগস্ট) ৯ আগস্ট রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে লাভ শেয়ার বিডির ২৫ টি চায়ের দোকানের মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
মির্জা ফখরুল ইসলাম বলেছেন, “রংপুরের লোকেরা, আমরা সবসময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্টে আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি গভর্নমেন্টে আসবে তখন আপনারা করবেন জামায়াত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে?”
তার এই বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সম্মেলনে এমপি বেলাল বলেন, ‘ মির্জা ফখরুলের রংপুরকে নিয়ে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলকে সমর্থন করা এবং এর ফলে রংপুর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে থাকে এমন বক্তব্য কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়।’
বেলাল এমপি বলেন, ‘আমরা মনে করি, ওনার মতো প্রাজ্ঞ রাজনৈতিক নেতার এ ধরনের বক্তব্য সংবিধান ঘোষিত বাক, ব্যক্তি ও মতামত প্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী পাশাপাশি রংপুরের রাজনৈতিক সচেতনতা ও স্বাধীন মতপ্রকাশে অসম্মানজনক।’
বেলাল এমপি বলেন, ‘ওনার এই বক্তব্যে পরিষ্কার যে উন্নয়নের জন্য একমাত্র বিএনপিকেই ভোট দিতে হবে, যা একদলীয় শাসন কায়েমেরই নামান্তর। উন্নয়নের জন্য ক্ষমতাসীন দলকেই ভোট দিতে হবে এটা কোন শর্ত হতে পারেনা বরং এটা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।’
বেলাল এমপি বলেন, ‘ একটি গণতান্ত্রিক সরকারের অন্যতম দায়িত্ব হলো দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা। সেই বিবেচনায় পিছিয়ে পরা রংপুর অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা এই জনপদের মানুষ প্রত্যাশা করে।’
এমপি বেলাল বলেন, ‘ আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের কোনো নাগরিক বা কোনো অঞ্চলের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি সম্পূর্ণভাবে তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার। জনগণের ভোট কোনো সরকারের প্রতি আনুগত্য প্রকাশের শর্ত হতে পারে না। একটি সরকার ক্ষমতায় থাকবে জনগণের জন্য, জনগণের করে অর্থে এবং রাষ্ট্রের আইন ও সংবিধানের ভিত্তিতে। তাই কোনো অঞ্চলের মানুষ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলে সেই কারণে তাদের উন্নয়ন ব্যাহত হবে, এ ধরনের ধারণা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না।’
বেলাল এমপি বলেন, ‘ রংপুরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। এই অঞ্চলের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। রংপুরের মানুষের প্রধান দাবি হচ্ছে বৈষম্যের অবসান, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং তিস্তা মহাপরিকল্পনাসহ দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। এসব দাবি পূরণ করা সরকারের দায়িত্ব। রংপুরের মানুষ কোন দলকে ভোট দিয়েছেন বা দেবেন, তার সঙ্গে উন্নয়নকে শর্তযুক্ত করা কোনোভাবেই যুক্তি সঙ্গত নয়।’
বেলাল এমপি বলেন, ‘ আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার কাছে দাবি জানাচ্ছি, তিনি যেন রংপুরবাসীর রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখান এবং এ ধরনের বক্তব্য প্রত্যাহার করেন। আমরা একই সঙ্গে সরকারকে বলতে চাই, রংপুরের উন্নয়ন কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের পুরস্কার নয়। রংপুরের মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার ও ন্যায্য উন্নয়ন পাওয়ার দাবিদার। দল-মত নির্বিশেষে রংপুরের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।’
বেলাল এমপি বলেন, ‘ ভবিষ্যতে দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের রাজনৈতিক সিদ্ধান্তকে সম্মান করবেন এবং কোনো অঞ্চলের উন্নয়নকে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে যুক্ত করবেন না।’
এইচ আরবি/বাতায়ন২৪ডটকম