রংপুরে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি

রংপুরে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম ||

হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে রংপুর মহানগরীতে এনসিপির বিক্ষোভ ও সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে দশটায় নগরীর প্রেসক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর এনসিপি। মিছিলটি নগরীর জাহাজ কোম্পানির মোড় ঘুরে আবারও প্রেসক্লাবে এসে সমাবেশ করে। এসময় তারা শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, হবিগঞ্জে হামলা কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও-ছাত্রদলের কালোহাত, ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে নাসহ বিভিন্ন ধরণের শ্লোগান দেন।

সমাবেশে এনসিপি জেলা আহবায়ক আল মামুন অভিযোগ করেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রী একজন অকৃতজ্ঞ ব্যক্তি। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পিছনে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মহানায়ক, যারা মহা যোদ্ধা যারা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রী থাকাকালে যখন তাদের উপরে হামলা হয় তখন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত। কারণ এই মহানায়কেরা, এই মহাবীর যোদ্ধারা, এই সারজিস এই হাসনাত, নাসির উদ্দিন পাটওয়ারীরা না থাকলে, আক্তার হোসেন, নাহিদ ইসলামরা না থাকলে আজকে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারতেন না। ’

আল মামুন আরও অভিযোগ করে বলেন, ‘ আজকে তারেক রহমান লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পিছনে এই নাসির উদ্দিন পাটওয়ারী, এই হাসনাত আব্দুল্লাহ, এই সারজিস আলাম, নাহিদ ইসলাম, আক্তার হোসেনরাই যথেষ্ঠ ছিল। কিন্তু তাদের প্রোগ্রামে এই জুলাই মাসেই যে হামলা হচ্ছে। সেই হামলা প্রমাণ করে যে কাদের ইন্ধনে কাদের দল এবং কাদের দলীয় নেতাকর্মীরা হামলা করছে সেটা প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে। এটাতে প্রমাণিত হয় যে কোন দলটি কাদের ছত্রছায়ায় আবার সেই জুলাই যোদ্ধাদেরকে হামলা করে আবার তাদেরকে শহীদ করার চেষ্টা করতে চাইছে।’

এসময় মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল মালেক অভিযোগ করে বলেন, ‘ বর্তমান বিএনপি সরকার, তারা সিটি কর্পোরেশন দখল নিয়েছে। তারা জেলা পরিষদ দখল নিয়েছে। তারা বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা দখল নিয়েছে। এখন যদি তারা যদি রাজপথ দখল নিতে চায় তাহলে ঘোষণা দিয়ে নামুক, আমরাও নামি। দেখি তাদের ঘোষণায় আমরা টিকতে পারি কিনা।’

মালেক আরও অভিযোগ করে বলেন, ‘ যদি চোরাগুপ্তা হামলা করেন তাহলে আপনারা কাপুরুষ আমরা ভেবে নিব। আপনারা যদি রাজনীতির কথা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে কাপুরুষ।’

মালেক বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি তো শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না। আপনি বাংলাদেশের সবগুলো মন্ত্রণালয় আপনি চালানোর চেষ্টা করছেন। সব মন্ত্রণালয় যদি আপনি চালানোর চেষ্টা করেন, আপনার মন্ত্রণালয় আপনি কিভাবে চালাবেন? যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে এত সমস্যা। বাংলাদেশে আইনশৃঙ্খলা চরম অবনতি। কোন দিকে আপনি খেয়াল রাখতে পারছেন না। এই সারজিস এবং পাটোয়ারীর উপর যে হামলা হয়েছে, অতি দ্রুত দোষীদের যদি আপনারা গ্রেপ্তার করতে না পারেন তাহলে আমাদের কর্মসূচি কী হবে তা আপনাদের ধারণা নেই।’

জাতীয় ছাত্রশক্তির মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘ আজকে ছাত্রদল ছাত্রলীগের রূপে ফিরে এসেছে। হবিগঞ্জে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যে নেতৃত্ব ছিলেন তাদের উপর নিষ্ঠুরভাবে হামলা চালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাদের যে এই ছাত্রদল নামের যে কুত্তা বাহিনী আছে, এই কুত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ করুন। যদি কুত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আমরা গ্রামাঞ্চলে দেখেছি যে কুত্তার যখন পাগলাই ভাসে, মানুষ তাদেরকে মেরে ঝুলায় রাখে। তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে এভাবেই বঞ্চিত করবে এবং ছুড়ে ফেলে দিবে ইনশাআল্লাহ।’

সমামা/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com