স্টাফ করেসপন্ডেন্ট||ঠাকুরগাঁও||বাতায়ন২৪ডটকম||
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক অভিযানে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ ও ৫০ বোতল ফেনসিবিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ও বিকালে হরিপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হরিপুর থানার পাঁচঘরিয়া গেরুয়াডাঙ্গী এলাকার মোঃ কাফীর ছেলে মোঃ আলম (৪৯) এবং জীবনপুর এলাকার মোঃ আরশাদ আলীর ছেলে আমির হোসেন (৪৫)।
এসআরবি-১৩ জানায়, শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল হরিপুর উপজেলার পাঁচঘরিয়া গ্রামে বালিয়াডাঙ্গী থেকে হরিপুরগামী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ৩২ বোতল এমকেড্রিল ও ১৮ বোতল এসকাফ উদ্ধারসহ মোঃ আলমকে গ্রেপ্তার করা হয়।
পরে বিকেল ৪টা ১০ মিনিটে একই উপজেলার জীবনপুর গ্রামে আমির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শোবার ঘর তল্লাশি করে ৫০ বোতল ফেনসিবিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আমির হোসেনকে গ্রেপ্তার করে আভিযানিক দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম