স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখার উদ্যোগে ২০২৭ সালের নববর্ষের প্রকাশনাসামগ্রীর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগর ছাত্রশিবির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ, আইন সম্পাদক রিফাত হাসান, প্রচার সম্পাদক সামছুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, পাঠাগার সম্পাদক সালেক মাহমুদ ও সমাজসেবা সম্পাদক ইসরাফিল ইসলাম।
২০২৭ সালের নববর্ষ উপলক্ষে প্রকাশিত সামগ্রীতে মুসলিম ঐতিহ্য, ইতিহাস, সমাজসচেতনতা ও ব্যবহারিক প্রয়োজনীয়তার সমন্বয় ঘটানো হয়েছে। প্রকাশনাসামগ্রীর মধ্যে রয়েছে বাংলা ও ইংরেজি ডায়েরি, পকেট ও মাঝারি আকারের ডায়েরি, নোটবুক, ইয়ার প্ল্যানার এবং বিভিন্ন ধরনের ক্যালেন্ডার।
প্রকাশনার বিশেষ আকর্ষণ হিসেবে বাংলা ডায়েরির প্রচ্ছদ সাজানো হয়েছে টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদের মুঘল স্থাপত্যশৈলীর টেরাকোটা অলংকরণের আদলে। শিক্ষার্থীদের ইতিহাসচর্চায় আগ্রহী করে তুলতে এতে প্রতিদিনের বিশ্ব ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা এবং সমকালীন বইয়ের পরিচিতি যুক্ত করা হয়েছে।
এ ছাড়া ডেস্ক ক্যালেন্ডারে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের স্মারক আয়া সোফিয়া, কর্ডোভা ও মসজিদে কুবাসহ ১২টি ঐতিহাসিক মসজিদের সচিত্র পরিচিতি তুলে ধরা হয়েছে।
এবারের প্রকাশনার অন্যতম আকর্ষণ গবেষণালব্ধ ‘তিন পাতা ক্যালেন্ডার’। এতে বাংলাদেশের ভূরাজনীতি, সীমান্ত নিরাপত্তা, নদীর পানির ন্যায্য হিস্যা, বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব ও সুনীল অর্থনীতি, মুসলিম পরিচয়ের শেকড় সন্ধান এবং ডেটা সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।
শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা ও দৈনন্দিন কার্যক্রমকে সুশৃঙ্খল করতে প্রকাশনায় যুক্ত করা হয়েছে মাসিক ও দৈনিক রুটিনের ছকসম্বলিত ইয়ার প্ল্যানার। পাশাপাশি রয়েছে লেদার ও জেল বাইন্ডিংয়ের ব্যবহারিক ডায়েরি এবং সূরা ইব্রাহিমের আয়াতের ক্যালিগ্রাফিসমৃদ্ধ এক পাতার ক্যালেন্ডার।
আয়োজকরা জানান, নতুন বছরের এসব প্রকাশনাসামগ্রীতে ইতিহাস, ঐতিহ্য, জ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম