স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের মিঠাপুকুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম আশরাফ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন ডিবি পুলিশের এসআই আবু ছাইয়ুম তালুকদার ও তাঁর সঙ্গীয় ফোর্স।
অন্যদিকে, রোববার (১৫ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর ওভারপাসের নিচে বাবু মিয়ার ফলের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় রাব্বী মোরছালিন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশের এসআই ভূষণ চন্দ্র বর্মন ও তাঁর সঙ্গীয় ফোর্স। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আশরাফুল ইসলাম আশরাফ উপজেলার খোসালপুর জায়গীর এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। অপর আটক রাব্বী মোরছালিন উপজেলার কৃষ্ণপুর এলাকার মো. সোলাইমানের ছেলে।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পৃথক অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও আটক দুই ব্যক্তিকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম