স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুরের দুটি স্পটে ৬টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি বিষ্ফোরিত হয় এবং ৫টি বিষ্ফোরণ হয়নি। পুলিশ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ আতংক তৈরির জন্য এই ঘটনা ঘটায়।
সোমবার রাত সাড়ে ১১ টায় নগরীর কোতয়ালী থানাধীন বিএনসিসি মোড়ে ১ টি ককটেল বিষ্ফোরণ হয় এবং মিঠাপুকুর থানার সামনে ওভার ব্রীজের নীচে ৫টি ককটেল নিক্ষেপ হলেও বিষ্ফোরণ হয় নি।
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, বিএনসিসি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা জনমনে আতংক তৈরির উদ্দেশ্যে একটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সাথে সাথে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
অন্যদিকে মিঠাপুকুর থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন জানান, মিঠাপুকুর থানার অদুরে ওভার ব্রীজ থেকে ৫টি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেগুলো বিষ্ফোরণ হয়নি। সেখানেও আতংক ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। পরে সেগুলো উদ্ধার করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
এদিকে মহানগর ও জেলা পুলিশ তাদের তৎপরতা বাড়িয়েছে। মোড়ে মোড়ে তল্লাশী চৌকি বসানো হয়েছে। সারারাত ধরে তারা অভিযান পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।
রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তি জানান, ‘নিষিদ্ধ ছাত্রলীগের যেকোন ধরণের অপতৎপরা রূখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কেউ কোন অরাজকতা তৈরি করতে চাইলে সাথে সাথে তা মোকাবেলা করা হবে।
এদিকে রাতে গঙ্গাচড়ার খলেয়া নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল এবং পীরগাছার কান্দি এলাকায় চৌধুরানী সুন্দরগঞ্জ সড়কে আগুন দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম