স্টাফ করেসপন্ডেন্ট||গাইবান্ধা||বাতায়ন২৪ডটকম||
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের অভিযানের খবর সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। তাঁদের পথ আটকে একটি কক্ষে নিয়ে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক টাকা হাতে ধরিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টরও জব্দ করে প্রশাসন।
অভিযানের তথ্য ও ছবি সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন সাংবাদিকরা। পথে আমবাড়ী এলাকায় তাঁদের গাড়ির গতিরোধ করা হয়। পরে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে হাতে টাকা ধরিয়ে দিয়ে সেই দৃশ্য ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় এবং পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার। ঘটনার পর তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের আটকে রেখে মারধরের বিষয়টি তাঁর নজরে এসেছে। অভিযানে জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে চার সাংবাদিকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম