স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে অভিযান দুটি পরিচালনা করা হয়।
এর মধ্যে ১৫ নভেম্বর রাত ৮টা ৩৫ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চওড়াটারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় হ্যাপি গোল্ড মদের আট বোতল জব্দ করা হয়। একই রাতে ১২টা ৫০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল আবাসন এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করে বিজিবির টহল দল।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার টাকা। এসব মাদকের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম