স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম |
রংপুর মহানগরী থেকে পাচারের চেস্টাকালে প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রায় ২২ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণু মূর্তি এবং খন্ডিতাংশ কালো পাথর উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১৩। এসময় তিন পাচারকারীকেও গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নগরীর দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের মালিকানাধিন চারতলা ভবনের ২য় তলার একটি ফ্লাটে অভিযান চালিয়ে এসব প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতরা হলেন মূর্তি চোরাচালান চক্রের সদস্য রংপুর মহানগরীর গুপ্তপাড়ার আব্দুল কাদেরের পুত্র মোঃ মিজান (৪২), হারাগাছের নয়াবাজার গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ মোজাফ্ফর হোসেন (৩৭) এবং কাউনিয়ার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ মাজেদুল ইসলাম (২৯)।
এসআর-১৩ রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি করে ওই ফ্লাট থেকে একটি কালো ১৫ দশমিক ১ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি এবং চারটি কালো পাথরের খন্ডাংশ উদ্ধার করে। যার ওজন ৬ দশমিক ৮ কেজি। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ওই ফ্লাটে কালোপাথরের বিষ্ণমূর্তি পাচারের প্রস্তত করা হচ্ছিল। এসব পাথরের আনুমানিক মূল্য সোয়া দুই কোটির ওপরে।

এসআরবির এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। এছাড়াও উদ্ধার মূর্তিসহ জব্দকৃত আলামত এবং গ্রেফতার আসামিদের মহানগর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু সামগ্রী চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে এই চক্রের একটি নেটওয়ার্ক পাওয়া গেছে।
সমামা/এইচআরবি/বাতায়ন২৪ডটকম