হারুন-অর-রশিদ বাবু, রংপুর|বাতায়ন২৪ডটকম
ইসলাম কখনো অন্য ধর্মের অনুসারীদের ওপর নির্যাতন, অন্যায় বা অধিকার হরণ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম। দেশে অমুসলিম বা সংখ্যালঘুদের নিরাপত্তা, তাদের জানমাল ও উপাসনালয়ের সুরক্ষা দেওয়া প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব।”
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রংপুরের পীরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে দেশের সমসাময়িক রাজনীতি, সামাজিক পরিস্থিতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে চরমোনাই পীর বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের মহতী আত্মত্যাগের মাধ্যমে দেশে রাজনৈতিক পটপরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমানের বা শাসনব্যবস্থার কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার লোভে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির নামে দেশের সম্পদ অপচয় করা হচ্ছে এবং দ্বিমুখী নীতি লালন করা হচ্ছে। স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজও পুরোপুরি অর্জিত হয়নি।
বিগত শাসনব্যবস্থার দুর্নীতি ও অপশাসনের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, দেশের সম্পদ পাচার, দুর্নীতি ও সামাজিক বিশৃঙ্খলা রোধে ইসলামী মূল্যবোধভিত্তিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। একটি বৈষম্যহীন সমাজ গঠনে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।
সম্মেলন থেকে দেশের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে আস্থা রাখার এবং জনগণকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম