স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
জনস্বার্থবিরোধী ও অতিরিক্ত বিল আদায়ের মাধ্যম হিসেবে অভিযুক্ত প্রিপেইড মিটার অবিলম্বে বাতিল এবং পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে রংপুরে অভূতপূর্ব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর’-এর আহ্বানে ২০২৬ সালের নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১১:৩০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি সফলভাবে পালিত হয়।
প্রতিবাদ চলাকালীন নগরীর ব্যস্ততম শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড়, জাহাজ কোম্পানি থেকে সাতমাথা,পায়রা চত্ত্বরে থেকে ডিসির মোর, শাপলা চত্বর থেকে স্টেশন, কামারপাড়া এবং লালবাগ পর্যন্ত এলাকা স্থবির হয়ে পড়ে। সড়কগুলোতে স্বতঃস্ফূর্তভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারীরা রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচিতে সংহতি জানান। এছাড়া স্থানীয় দোকান মালিক ও ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাজপথে নেমে এসে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
কর্মসূচির অংশ হিসেবে নগরীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়,
শাপলা চত্বর সমাবেশ:
বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল ও আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল এবং সদস্য শাহিদুল ইসলাম সুমন। এছাড়া প্রিপেইড মিটারের কারণে ভুক্তভোগী সাধারণ গ্রাহক কেয়া বেগম, ময়না আকতার, হাসিবুর রহমান ও সোলায়মান আলী তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন।
জাহাজ কোম্পানি মোড় সমাবেশ:
সংগঠনটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম এবং সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজু।
সমাবেশে বক্তারা প্রিপেইড মিটারকে “ডিজিটাল ডাকাত” এবং “জনগণের পকেট কাটার যন্ত্র” হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রিপেইড মিটারের মাধ্যমে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, অস্পষ্ট ভ্যাট ও চার্জ আরোপ এবং রিচার্জ জটিলতার কারণে বিদ্যুৎ গ্রাহকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে আন্দোলনকারীরা অভিযোগ তোলেন।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণকারী সংস্থা নেসকো (NESCO) কর্তৃক প্রিপেইড মিটার স্থাপনের শুরু থেকেই রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সাধারণ গ্রাহকদের মাঝে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল। এর পূর্বেও দেশের নানা স্থানে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মতো নানা রাজনৈতিক ও সামাজিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের প্রধান অভিযোগ পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে বহুগুণ বেশি অর্থ খরচ হচ্ছে এবং মিটার ভাড়া ও অন্যান্য হিডেন চার্জের নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে। আজকের স্তব্ধ রংপুর কর্মসূচি সেই ধারাবাহিক আন্দোলনেরই এক নতুন ও তীব্র রূপ।
আজকের স্তব্ধ রংপুর কর্মসূচি থেকে আন্দোলনের পরবর্তী কঠোর পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। ফোরামের নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে জনগণের ওপর চাপিয়ে দেওয়া প্রিপেইড মিটার প্রত্যাহার করা না হলে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) হাজার হাজার গ্রাহকের স্বাক্ষর ও ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দরখাস্তসহ নেসকো রংপুর কার্যালয় ঘেরাও করা হবে।
আন্দোলনকারীরা সতর্ক করে বলেছেন, জনগণের যৌক্তিক দাবি না মানলে এই আন্দোলন কেবল রংপুরে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো উত্তরাঞ্চলজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম